
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্তৃক বাস্তবায়িত বি-স্ট্রং প্রকল্পের আওতায় গত সোমবার, ১৬ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) এককালীন নগদ হস্তান্তর (ওটিসি) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রকল্পের কম্পোনেন্ট ২.২-এর অধীনে ইমার্জেন্সি সাপোর্ট ফান্ড হিসেবে পরিচালিত এই কর্মসূচির প্রথম ধাপে মোট ১২,০১২ জন বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্বল উপকারভোগীকে জনপ্রতি ৫,০৩০ টাকা করে মোট ৬ কোটি ৪ লাখ ২০ হাজার ৩৬০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ইলেকট্রনিক অর্থ প্রদানের মাধ্যমে বিকাশের সহায়তায় উপকারভোগীদের কাছে সরাসরি এই অর্থ পৌঁছে দেওয়া হয়।
এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক । এছাড়া উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব কামরুল হক মারুফ, উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ঈআরডি) উপ-সচিব সেলিনা কাজী, বিশ্বব্যাংকের বি-স্ট্রং প্রকল্পের কো-টিটিএল আনিকা রহমান, বি-স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক, বিকাশের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ।
প্রকল্পের অন্তর্গত কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত উপকারভোগীগণ অনলাইনে সংযুক্ত হয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা নগদ সহায়তা প্রাপ্তিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বি-স্ট্রং প্রকল্পের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বি-স্ট্রং প্রকল্পের আওতায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি জেলার সর্বমোট ৮৮,০০০ পরিবারকে এককালীন নগদ সহায়তা কর্মসূচির আওতায় মোট ৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পুনর্বাসন, জরুরি সাহায্য এবং দুর্যোগ মোকাবিলায় ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
